আগামী ৩ নভেম্বর মঙ্গলবার উদযাপিত হতে চলেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও উৎসবমুখর করে তুলতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর বিকেল ৫টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাবের প্রবীণ খেলোয়াড় এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা হবে।
প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে আগামী ২২ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে ছোটদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: ক-বিভাগ (৬ বছর পর্যন্ত), খ-বিভাগ (৬+ বছর থেকে ৯ বছর পর্যন্ত) এবং গ-বিভাগ (৯+ বছর থেকে ১২ বছর পর্যন্ত)। বীরেন্দ্র ক্লাবের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দত্ত সমস্ত ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


