রাজ্যে মৃতপ্রায় ভলিবলকে অক্সিজেন যোগাতে নতুন উদ্যোগ নিল ত্রিপুরা সুন্দরী ভলিবল ফাউন্ডেশন। তিন দিনব্যাপী দিবারাত্রি বিশাল টাকার প্রাইজমানি ভলিবল আসর করার ঘোষণা দিয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দানে তিন দিনব্যাপী উন্মুক্ত আসর শুরু ২৪ সেপ্টেম্বর। ঐদিন সকাল থেকে আসর শুরু হলেও উদ্বোধন হবে বিকেলে। উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহাকে। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদারকে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্যোক্তা কমিটির সচিব মনীশ দেবনাথ এখবর জানিয়েছেন। প্রথমবর্ষের আসরে অংশ নিচ্ছে দশটি দল। এর মধ্যে আগরতলার বাইরের আছে ৫টি দল। দলগুলো হলো ‘এ’ গ্রুপে আদর্শ সংঘ, পশ্চিম জেলা ভলিবল অ্যাসোসিয়েশন, বিএসএফ, সাব্রুম রিজিং স্টার, বিশালগড় প্লে সেন্টার, ‘বি’ গ্রুপে অরুণাচল প্রদেশ, গুয়াহাটি শক্তি, কসমোপলিটন ক্লাব, অয়ন ফার্নিচার এবং এলসিপি সাব্রুম এসিইএস। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনালে খেলা ছাড়পত্র পাবে। উদ্যোক্তারা জানান, আসরের চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থান দখলকারী দল ট্রফি সহ প্রাইজমানি পাবে যথাক্রমে এক লাখ, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা। ইতিমধ্যে আসর পরিচালনা করার জন্য দিল্লি থেকে আন্তর্জাতিক রেফারি প্রবীণ খোকার রাজ্যে এসেছেন। আসছেন ভিন রাজ্য থেকে আরেকজন রেফারি। সঙ্গে সহযোগিতা করবেন রাজ্যের রেফারিরা। এদিকে ভিন রাজ্যের দলগুলির মধ্যে থেকে দেশের হয়ে জুনিয়র বিভাগে খেলা চারজন খেলোয়াড় আসছেন শহরে। ফলে রাজ্যের ভলিবল খেলোয়াড়দের সামনে সুযোগ রয়েছে ওই সকল জাতীয় মানের খেলোয়ারদের থেকে অনেক কিছু শেখার। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় শুরু হবে আসরের ফাইনাল ম্যাচ। ফাইনালে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের। এবছরই ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে আমতলিতে গড়ে উঠেছে ত্রিপুরা সুন্দরী ভলিবল ফাউন্ডেশন। উদ্যোক্তাদের বিশ্বাস আগামী দু’তিন বছরের মধ্যেই ওই সেন্টার থেকে জাতীয় মানের বহু খেলোয়াড় বেরিয়ে আসবে। সাংবাদিক সম্মেলনে আসরের ট্রফির উন্মোচন করা হয়।


