ঋষ্যমুখে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হলো হরিপুর একাদশ। জেটলির চাউরা হাতে ভর করে হারালো ইউনাইটেড লুকো এফসি দলকে। টাইব্রেকারে হয় ফয়সলা। রাজদূত ব্যায়ামাগার সামাজিক সংস্থা আয়োজিত আসরের ফাইনাল ম্যাচটি হয়েছে ঋষ্যমুখ স্কুল মাঠে। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দুই দলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। ম্যাচের ফলাফল না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। এতে ৬-৫ গোলে জয়লাভ করে হরিপুর একাদশ। টাইব্রেকারে একটি শট রুখে দিয়ে দলকে চ্যাম্পিয়ন করাতে মুখ্য ভূমিকা নিয়েছেন হরিপুর একাদশের গোলরক্ষক জেটলি। ম্যাচের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জেটলি। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নাইসা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। ফাইনাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি দীপক দত্ত, চেয়ারম্যান শম্ভুনাথ কর প্রমুখ। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে এক লাখ এবং ষাট হাজার টাকা। আসরকে ঘিরে মহকুমার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


