ভারত সেরা রাজ্যের দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে। পুদুচেরিতে অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত ভাবে ভারত সেরার শিরোপা দখল করেছিল আরাধ্যা। ট্রফি নিয়ে মহাকরণে যায় আরাধ্যা এবং তার বাবা অনুজ দাস। রাজ্যের দাবার জগতে উজ্জ্বল প্রতিভা আরাধ্যার সাফল্যের জন্য তাকে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী । পরে তিনি বলেন, আরাধ্যার অসাধারণ কৃতিত্ব রাজ্যের ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। ওর নিষ্ঠা, মেধা এবং সাফল্য আগামীদিনে ত্রিপুরার আরো অনেক ক্ষুদে দাবারকে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করবে। তিনি আগামী দিনে আরাধ্যার আরো সাফল্য কামনা করেন।


