হেরেও ফাইনালে গেলো ধুমাছড়া ক্রিকেট জোন। খেতাব জয়ের লক্ষ্যে ধুমাছড়া ক্রিকেট জোন খেলবে ছৈলেংটা ক্রিকেট জোনের বিরুদ্ধে। বুধবার হবে ফাইনাল ম্যাচটি। নেদ্রিনা বড়ুয়ার শতরান এবং ইন্দ্রা বড়ুয়ার অর্ধশতরানে জয় পেলেও ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে পারলো না মনুঘাট ক্রিকেট জোন। মেয়েদের সিনিয়র ক্রিকেটে ঘাঘরাছড়া স্কুল মাঠে শনিবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মনুঘাট ক্রিকেট জোন নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৬ রান করে। নেদ্রিণা বরুয়া ৬৬ বল-এ ১৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৩ রানে এবং ইন্দ্রা বরুয়া ৫৬ বল-এ ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ৩১ রান। জবাবে ধূমাছড়া ক্রিকেট জোন নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। কল্পনা ত্রিপুরা ১৭ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে এবং মেহা ত্রিপুরা ৩০ বল-এ ১৫ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ৪৪ রান। মনুঘাট ক্রিকেট জোনের নেদ্রিণা বরুয়া ১১ রানে এবং শায়ন্তিকা দাস ৩০ রানে ২টি করে উইকেট ভাগ করেন।


