তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে সহজ জয় ছিনিয়ে সেমিফাইনালে উঠলো সপ্তসিন্ধু দশ দিগন্ত দল। আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সপ্তসিন্ধু দশ দিগন্ত দশ উইকেটে হারায় বীণাপানি সেবক সংঘকে। বিশ্ব দেববর্মার ঝড়ো ব্যাটিংয়ে জয় পায়। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে সোমবার টসে জিতে বীণাপানি সেবক সংঘ মাত্র ৬৯ রান করে। অভিক দাস ২১ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৫, পাইতন রুদ্র পাল ৩৫ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং তপন রুদ্রপাল ২৪ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। সপ্তসিন্ধু দশ দিগন্তের অভিজিৎ শীল পাঁচ রানে তিনটি, যোগরাজ জমাতিয়া পাঁচ রানে, সুবল ঋষি দাস নয় রানে এবং বিশাল দেববর্মা ২১ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে সপ্তসিন্ধু দশ দিগন্ত ৩০ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিশ্ব দেববর্মা ২৫ বল-এ তিনটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রানে এবং সুমন শীল ৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে নয় রানে অপরাজিত থেকে যান।


