“ত্রিপুরাকে এলিট গ্রুপে তোলা এখন আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই আগামী কয়েকদিন কাজ করে যাব”। অনূর্ধ্ব-১৯ দলের ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ আসন্ন মরশুমে বিষয়ে এই কথা জানান। দীর্ঘ প্রায় তিন বছর পর অনূর্ধ্ব-১৯ দলের কোচ নির্বাচিত হয়েছেন রাজ্য রঞ্জি দলের প্রাক্তন স্পিনার জয়ন্ত।এবছর প্লেট গ্রুপে খেলবে ত্রিপুরা অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটে। ৮ অক্টোবর থেকে উড়িষ্যায় শুরু হবে আসর। ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। পরে ১০ অক্টোবর মিজোরাম, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর মেঘালয় এবং ১৬ অক্টোবর অরুনাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে রাজ্যদল। সোমবার বিকেল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। এদিকে আজ রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে দেখা করবেন কোচ। সৌজন্যমূলক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানাবেন। দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলানোর প্রস্তাব রাখবেন। এক সাক্ষাৎকারে জয়ন্ত বলেন, “ওই বিভাগে রাজ্যের সেরা ক্রিকেটারদের তুলে দেওয়া হয়েছে। এখন ওদের থেকে সেরা খেলাটা বের করে আনা আমার কাজ। সেই লক্ষ্যেই অনুশীলন করাবো”।


