দলিপ ট্রফির ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা সমৃদ্ধ দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে রানের পাহাড় দাঁড় করাতে চলেছে পূর্বাঞ্চল। রবিবার প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ঈশান কিষানের দুর্ধর্ষ শতরানের উপর ভর করে পূর্বাঞ্চল ৪ উইকেটে ৩৮৫ রান দাড় করালো স্কোর বোর্ডে।
প্রথমে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের দুই ওপেনার অভিমুন্য ঈশ্বরন এবং বিস্ময় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ওপেনিং জুটিতে এই দুই তারকা শতরান যোগ করেন। উইকেটের পেথম থেকে তিলক বারবারই বৈভবকে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন নানারকম শব্দ প্রয়োগের মাধ্যমে। শেষপর্যন্ত তিলকের সেই পরিকল্পনা কাজেও এসেছে। খানিকটা ঝড়ো ব্যাটিং করতে গিয়ে বৈভব তার উইকেট হারান। ৩৭ বল খরচা করে ১টি ছয় ও ৫টি চারের সাহায্যে ৪৪ রানের দুরন্ত ইনিংসটি উপহার দেন বৈভব। ৮৬ বল মোকাবেলা করে ১টি ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ কুমার ঘরামি ৬ রানের বেশি এগোতে পারেননি। ১৪৭ রানের তৃতীয় উইকেটের পতনের পর ঝাড়খণ্ডের ব্যাটসম্যান শিখর মোহন এবং অধিনায়ক ঈশান কিষান মজবুত জুটি বাঁধেন। এই জুটি স্কোর টানে চতুর্থ উইকেটে ২৪১ পর্যন্ত। চতুর্থ উইকেটে এই জুটিতে যোগ হয় মূল্যবান ৯৪ রান। ১২০ বলে ৩ টি ছয় ও ৯ টি চারের সাহায্যে ৮৫ রানের দায়িত্বশীল ইনিংসটি আসে শিখর মোহনের ব্যাট থেকে। এই জুটি ভাঙ্গার পর অধিনায়ক ঈশান কিষানের সঙ্গী হন কুমার কুষাগরা। দিনের শেষ পর্যন্ত এই জুটি অবিচ্ছেদ্যভাবে যোগ করে ১৪৪ রান। পূর্বাঞ্চলের স্কোর দিয়ে থামে ৪ উইকেটে ৩৮৫ রানে। এরই মাঝে দলনেতা ঈশান তার নিজের শতরান পূরণ করে নেন। দিনের শেষে তিনি অক্ষত থাকেন ১৩৫ বলে ১ টি ছয় ও ১৪ টি চারের সাহায্যে ১১১ রানে। অন্যদিকে ৭৫ বলে ৫ টি ওভার বাউন্ডারি ও ৪ টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রানের ব্যাটিং করছেন কুমার কুসাগরা। দক্ষিণাঞ্চলের চামা মিলিন্দ নেন দুটি উইকেট।


