টানা দুই বছর সদরের সেরা হল বড়দোয়ালী স্কুল। সোমবার সদর আন্ত: স্কুল মেয়েদের ক্রিকেটের ফাইনালে বড়দোয়ালী ৯ উইকেটে হারায় আসাম রাইফেলস পাবলিক স্কুলকে। ফাইনালে জয় পাওয়ার পাশাপাশি গ্রুপ লীগে হারের মধুর বদলা নিল। নেপকো মাঠে এদিন আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় পায় বড়দোয়ালী। টসে জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১০ রান করে। মহেশ্বতা দাস ৩২ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৮, অন্তরা মুহুরী ৩১ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ২২, তানিয়া ছেত্রী ১৫ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং স্নেহা নোয়াতিয়া ২৩ বল-এ ১২ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। বড়দোয়ালীর মুন্না বণিক ১৪ রানে দুটি উইকেট পায়। জবাবে বড়দোয়ালী স্কুল চার বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয় পায়। অনুভা পাল ৬৫ বল-এ খেলে নয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া সায়ন্তিকা নম: ৪০ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে।


