গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো শক্তিশালী সদর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ১৪২ রানে হারায় জিরানীয়াকে। রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে তালতলা স্কুল মাঠে বুধবার বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হওয়ায় ওভার কমিয়ে আনা হয় ২৯-এ। টসে জিতে সদর ২৫৯ রান করে ৩ উইকেট হারিয়ে। ওপেনার নিকিতা দেবনাথ ৭১ বল-এ ১৮টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। এছাড়া আশ্মিতা দেবনাথ ৭৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৫, মামন রবি দাস ১৮ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং তানিশা দাস ১৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। অতিরিক্ত পায় ৩৭ রান। জবাবে জিরানীয়া ১৭ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। দেবাশ্মিতা দেব ৬ রান করেন। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেন নি। সদরের সুলক্ষণা রয় ১ রানে এবং নিকিতা সরকার ১ রানে ৩টি করে উইকেট ভাগ করেন।


