জয়ে ফিরে এলো সাবেক চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাব। চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের লড়াইয়ে ব্লাডমাউথ ২-১ গোলে নাইন বুলেটস ক্লাবকে হারিয়ে দেয়। ফলে সুপারে উঠার লড়াইয়ে ফেরে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় শুরুতে প্রথম সহজ সুযোগটা পেয়েছিল বুলেটস। কিন্তু সামনে একা গোলরক্ষককে পেয়েও জাল নাড়াতে পারে নি। ধীরেধীরে খেলায় ফেরে ব্লাডমাউথ। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুটি গোল করে চিত্র একেবারেই বদলে দেয়। ম্যাচের ২১ ও ২৮ মিনিটে গোল দুটি করেন পারভজ ভুইঁয়া।
পিছিয়ে থেকে ব্যবধান কমানোর চেষ্টা করে বুলেটস। কিন্তু প্রথমার্ধে জাল নাড়াতে পারে নি। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে হেলমেট সিং ২-১ করলে খেলা জমে যায়। আক্রমন প্রতিআক্রমণে জম্পেশ লড়াই চলে। যদিও বুলেটস সমতা ফেরাতে পারে নি। ব্লাড মূল্যবান তিন পয়েন্ট ছিনিয়ে নেয়।


