সাব্রুমে পূর্ণেন্দু স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হবে বুধবার। মুখোমুখি হবে দুই শক্তিশালী দল রয়েল বয়েজ সাব্রুম এবং টাইগার কিং সোনাই। সাব্রুম স্কুল মাঠে বিকেল তিনটায় শুরু হবে খেতাবের লড়াই। দুদলই ফাইনাল ম্যাচে শক্তি বাড়াতে চলেছে। বিদেশি ফুটবলারের পাশাপাশি ভিন রাজ্যের ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে দুই দল। শক্তির বিচারে দুদলই প্রায় এক জায়গায়। ফলে ফাইনালে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, ত্রিপুরা রঞ্জিদলের অধিনায়ক মনি শংকর মুড়া সিং, প্রাক্তন বিধায়ক শংকর রায় প্রমুখ। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল ট্রফি সহ প্রাইজমানি পাবে যথাক্রমে দেড় লাখ এবং ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া থাকবে ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার, আসরের সেরা ফুটবলার, সেরা গোলরক্ষক-এর পুরস্কারের পাশাপাশি সেমিফাইনালের দুই বিজিত দলকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। বিকেল তিনটায় ফাইনাল ম্যাচ শুরু হলেও এর দু’ঘণ্টা আগে থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা বিন্দাস বয়েজ ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ওই খেলা নিয়ে প্রচার। ফাইনাল ম্যাচের টিকিট ধার্য করা হয়েছে ৫০ টাকা করে। উদ্যোক্তাদের আশা ফাইনালে রেকর্ড সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত থাকবেন মাঠে। ফাইনাল ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।


