ইতিহাস গড়লেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু

Date:

Share post:


নাগোয়ায় এশিয়ান গেমস ইতিহাস গড়লেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। এর ফলে এশিয়ান গেমসে নিজের প্রথম পদক জয়ের খরা কাটানোর পাশাপাশি ভারতীয় ভারোত্তোলনে দীর্ঘ ২৮ বছরের পদকের অবসান ঘটালেন। ১৯৯৮ সালে কর্ণম মল্লেশ্বরীর ব্রোঞ্জ জয়ের পর এই প্রথম কোনো ভারতীয় ভারোত্তোলক এশিয়ান গেমসে পদক পেলেন। নাগোয়া সিটি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি সেন্টারে চানু মোট ১৯৮ কেজি ওজন তুলে রুপো নিশ্চিত করেন। স্ন্যাচ ৮৭ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক ১১১ কেজি মিলিয়ে মোট লিফট করেন ১৯৮ কেজি। এই বিভাগে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম।
এই রুপো জয়ের ফলে মীরাবাই চানু ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন। কিংবদন্তি কর্ণম মল্লেশ্বরীর পর তিনিই একমাত্র ভারতীয়, যিনি একাধারে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ – এই সমস্ত বড় আন্তর্জাতিক মঞ্চে পদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। তাঁর ক্যারিয়ারের একমাত্র এশিয়ান গেমসের পদকটিই বাকি ছিল, যা এই দুর্দান্ত পারফরম্যান্সে পূর্ণ হলো। এর আগে চলতি বছরেই গ্লাসগো কমনওয়েলথ গেমসেও তিনি সোনা জিতেছিলেন।
চানুর পরবর্তী টুর্নামেন্ট এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতাসূচক পর্ব সহজ নয়। ভারোত্তোলনের আন্তর্জাতিক নিয়মে এবং অলিম্পিক যোগ্যতা অর্জনের পদ্ধতিতে এবার বড় ধরণের কিছু পরিবর্তন এসেছে, যা চানুর অলিম্পিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এশিয়ান গেমসে রুপো জেতার পর চানুর পরবর্তী মূল লক্ষ্য হলো বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। ২০২৬ আইডব্লিউএফ সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২৭ অক্টোবর থেকে শুরু হবে চীনের নিংবো’তে। এটি শুধুমাত্র বিশ্বমঞ্চে পদক জয়ের লড়াই নয়, বরং ২০২৮ অলিম্পিকের টিকিট পাওয়ার প্রথম অফিশিয়াল যোগ্যতাসূচক ম্যাচ। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য সম্পূর্ণ নতুন কোয়ালিফিকেশন সিস্টেম ঘোষণা করেছে। এবার অলিম্পিক কোটা পেতে হলে একজন অ্যাথলেটকে ২টি নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে মোট ৫টি টুর্নামেন্টে অংশ নিয়ে স্কোর বা টোটাল জমা করতে হবে।যোগ্যতাসূচক পর্বের সময়সীমা ২৭ জুলাই ২০২৬ থেকে ৭ মে ২০২৮। পিরিয়ড ১-এ ২৭ অক্টোবর ২০২৬ – ১ সেপ্টেম্বর ২০২৭ এই পিরিয়ডে অ্যাথলেটদের অন্তত ৩টি টুর্নামেন্টে অংশ নিয়ে তাঁদের সেরা স্কোর নথিভুক্ত করতে হবে। এর মধ্যে প্রধান টুর্নামেন্টগুলো হলো – ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অক্টোবর ২০২৬ (চীন), আইডব্লিউএফ গ্র্যান্ড প্রিক্স ১ ডিসেম্বর ২০২৬ (কাতার), ২০২৭ সিনিয়র কন্টিনেন্টাল (এশিয়ান) চ্যাম্পিয়নশিপ ২০২৭-এর প্রথম ভাগ, ২০২৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আগস্ট/সেপ্টেম্বর ২০২৭ (ইয়েরেভান, আর্মেনিয়া)। পিরিয়ড ২-এ ১ নভেম্বর ২০২৭–৭ মে ২০২৮। এই পিরিয়ডে অ্যাথলেটদের অন্তত ২টি টুর্নামেন্টে অংশ নিতে হবে। ২০২৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এপ্রিল ২০২৮ (স্থান চূড়ান্ত হওয়া বাকি), এই পিরিয়ডের মধ্যে আইডব্লিউএফ-এর অন্যান্য অনুমোদিত ওয়ার্ল্ড কাপ বা গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়ে কোয়ালিফিকেশন সম্পূর্ণ করতে হবে। চূড়ান্ত অলিম্পিক কোয়ালিফিকেশন র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ মে ২০২৮ তারিখে।
চানুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওজন শ্রেণী পরিবর্তন। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য মীরাবাই চানুকে তাঁর পুরোনো ওজন শ্রেণী পরিবর্তন করতে হচ্ছে। চানু এযাবৎকাল ৪৯ কেজি বিভাগে (মহিলাদের সর্বনিম্ন অলিম্পিক ক্যাটাগরি) খেলতেন, যেখানে তিনি টোকিও অলিম্পিকে রুপো এবং আজকের এশিয়ান গেমসেও রুপো জিতেছেন। কিন্তু লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য ৪৯ কেজি বিভাগটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নতুন সর্বনিম্ন অলিম্পিক ওজন শ্রেণী নির্ধারণ করা হয়েছে ৫৩ কেজি। ফলে অলিম্পিক যোগ্যতা পর্বের ম্যাচগুলো থেকে চানুকে নিজের ওজন বাড়িয়ে ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নতুন এই ক্যাটাগরিতে নিজেকে মানিয়ে নিয়ে অলিম্পিক টিকিট নিশ্চিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...