চন্দ্র স্মৃতি ফুটবলের সুপার লীগের সূচী নিয়ে আপত্তি জানিয়েছে দুই ক্লাব এগিয়ে চলো সংঘ ও কল্যাণ সমিতি। দুই ক্লাবই লিখিত ভাবে তাদের আপত্তি জানিয়েছে ফুটবল সংস্থায়।
দুই ক্লাবের আপত্তি সুপারের শেষ ম্যাচ নিয়ে। ৯ অক্টোবর ওই ম্যাচে খেলবে ব্লাডমাউথ ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগার। দুই ক্লাব প্রশ্ন তুলেছে কেন লটারি করে সুপারের সূচী হলো না? কিভাবে এই সূচী স্থির করা হলো? ইত্যাদি।
এদিকে, এগিয়ে চলো সূচী ছাড়াও মাঠের দিক বণ্টন এবং গ্যালারি সংরক্ষণ সংক্রান্ত একাধিক অসঙ্গতি তুলে ধরে। খেলার নিরপেক্ষতা ও সুস্থ পরিবেশ বজায় রাখাতে এবিষয়গুলি জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
মাঠ বণ্টন ও গ্যালারি সংরক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। পূর্বে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও সুপার ফোরের সবকটি ম্যাচেই এগিয়ে চলা সংঘকে মাঠের ‘সাইড এ’ বরাদ্দ করা হয়েছে। দলটির দাবি, পূর্ব চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ‘সাইড এ’ ও ‘সাইড বি’ বণ্টন করা হোক। দ্বিতীয়ত, ‘সাইড বি’-র পিছনের গ্যালারি ঐতিহ্যগতভাবেই টিএফএ-র আজীবন সদস্য বা লাইফ মেম্বারদের জন্য সংরক্ষিত থাকে। সেই নিয়ম কঠোরভাবে বজায় রাখার অনুরোধ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এগিয়ে চলোর সচিব সুমন্ত গুপ্ত খেলার মাঠে নিরপেক্ষ মনোভাবের কথা চিঠিতে ফের স্মরণ করিয়ে দেন ফুটবল সংস্থার কর্তাদের।


