ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তিরুবনতপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের জয়ের মানসিকতা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ডানহাতি ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণা।
প্রসিধ জানান, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে দল প্রতিটি ম্যাচকে একটি শক্ত ভিত্তি গড়ার সুযোগ হিসেবে দেখছে।
ভবিষ্যতের শক্ত ভিত গড়ার লক্ষ্য নিয়ে প্রসিধ বলেন, “বোলিং কোচ মর্নে মরকেল সিরিজের শুরুতেই স্পষ্ট বার্তা দিয়েছেন-২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু। লক্ষ্য কেবল এই সিরিজে জয় নয়, বরং বড় টুর্নামেন্টের জন্য এখন থেকেই দলের ভিত শক্ত করা। কঠিন পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব নিয়ে বল করতে হয়, তার ওপর ম্যানেজমেন্ট বিশেষ জোর দিচ্ছে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিধ জানান, “ম্যানেজমেন্টের পক্ষ থেকে তরুণ বোলিং ইউনিটকে চ্যালেঞ্জ নেওয়া শিখতে বলা হয়েছে। ম্যাচ চলাকালীন যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, তখন অধিনায়কের ওপর ভরসা না রেখে বোলারদের নিজেদেরই দায়িত্ব তুলে নিতে হবে। এই ম্যাচটিতে ভারতীয় বোলাররা ঠিক সেই পরিকল্পনা অনুসারেই সফলভাবে কাজ করেছেন।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন, এই সিরিজটি তাদের দলের প্রকৃত অবস্থান মূল্যায়নের একটি বড় সুযোগ। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায়, দক্ষিণ আফ্রিকায় হতে চলা কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ক্যারিবিয়ান ব্রিগেড। তবে প্রথম ম্যাচেই ভারতের বোলিং ও ব্যাটিং শক্তির কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।


