বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে সারাক্ষণ চাপে রাখল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। একই সঙ্গে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে তেমন কিছু করার সুযোগ দিল না লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
কর্দোবায় বৃহস্পতিবারের সকালের ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুই অর্ধে তারা করেছে দুটি করে গোল। লাউতারো মার্তিনেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। দ্বিতীয়ার্ধে গোল করেন নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ দিকে জালের দেখা পান হোসে মানুয়েল লোপেস।
শুরু থেকে বলিভিয়াকে প্রবল চাপে রাখে আর্জেন্টিনা। খেলা চলে সফরকারীদের বক্সের আশেপাশে। ১৯ মিনিটে প্রথম বড় সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস মাক আলিস্তেরের বাড়ানো বল ঠিকঠাক রিসিভ করতে পারেননি তিনি। তবে ভাগ্য ভালো, কাছেই থাকা বল নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। বক্সে ঢুকে একটু সময় নিয়ে পোস্ট ঘেঁষে শট নেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে নাগালে পাননি গোলরক্ষক।
বলিভিয়াকে প্রবল চাপে রেখে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এসেকিয়েল পালাসিওসের রক্ষণ চেরা পাস পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে প্রথম স্পর্শে জালে পাঠান নিকো পাহ। দেশের হয়ে এটা তার দ্বিতীয় গোল।
একই মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। ৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। পাহয়ের ফ্রি কিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন অধিনায়ক রোমেরো।
বুর্কিনা ফাসোর বিপক্ষে মঙ্গলবার খেলবে আর্জেন্টিনা। পরে বুধবার বেনিনের বিপক্ষে ফের মাঠে নামবে তারা। ওই ম্যাচেই দেশের হয়ে শেষবার খেলবেন অবসর নেওয়া মহাতারকা মেসি।


