টানা দ্বিতীয় জয় পেলো ত্রিপুরা ১৯ দল। ভিনু মানকর ট্রফি ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রাখলো। সহজেই হারালো মিজোরামকে ১৩২ রানের বড় ব্যবধানে। ভুবনেশ্বরের বিকাশ ক্রিকেট মাঠে শনিবার রাজ্যদলের গড়া ২১৯ রানের জবাবে মিজোরাম মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের শঙ্খনীল সেনগুপ্ত এবং দেবজ্যোতি পাল অর্ধশত রান করেছেন। বল হাতে দুরন্ত ছিলেন দীপ দেব।
টসে জিতে ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। ওপেনার শঙ্খনীল সেনগুপ্ত ৯৮ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, দেবজ্যোতি পাল ৪০ বল-এ সাতটি বাউন্ডারির সাহায্যে ৫০, অর্কজিৎ সাহা ৬৯ বল-এ চারটি বাউন্ডারি ও ১টি ওভার সাহায্যে ৪০, অয়ন রায় ৩১ বল-এ চারটি সাহায্যে ২৮ এবং ইস্ত দেবনাথ ৩৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। মিজোরামের এরিক ৪২ রানে দুটি উইকেট পায়। জবাবে ত্রিপুরার বোলারদের বিশেষ করে দীপ দেব এবং আরিফ মিয়া এবং সিদ্ধার্থ দেবনাথ এই ত্রয়ীর দাপটে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় মিজোরামের ইনিংস। ২৬.৪ ওভার ব্যাট করে মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়। জোহান ১৬ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ২১ এবং স্টিফেন ৩৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরার দ্বীপ দেব ৩৪ রানে চারটি, সিদ্ধার্থ দেবনাথ ৮ রানে এবং আরিফ মিয়া ১৫ রানে দুটি করে উইকেট ভাগ করেন। ক্রিকেটারদের পারফরমেন্স খুশি কোচ জয়ন্ত দেবনাথ ও ম্যানেজার পার্থ সারথি গুপ্ত। জয়ের ধারা পরের ম্যাচেও বজায় থাকবে বিশ্বাস করেন কোচ এবং ম্যানেজার। ১২ অক্টোবর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে সিকিমের বিরুদ্ধে।


