দিন কয়েক পরই নিউ জ়িল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ৫ ম্যাচের টি-২০ এবং
একদিনের সিরিজ়ের পর রয়েছে দু’টেস্টের সিরিজ়। তার আগে উদ্বেগ বাড়ল কোচ গৌতম গম্ভীরের। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে রান পেলেন না টেস্ট দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান । প্রত্যাশা মতো ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু করতে পারলেন না লোকেশ রাহুল এবং যশস্বী জসওয়াল । রঞ্জি ট্রফির প্রথম দিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন দু’জনেই। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কর্নাটকের হয়ে ওপেন করতে নেমে লোকেশ রাহুল করলেন ৪ রান। অন্য দিকে, মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমে চন্ডীগড়ের বিরুদ্ধে যশস্বী জসওয়াল কোনো রানই করতে পারলেন না। ১৩ বল খেলে তাঁর যোগদান শূন্য । নিউ জ়িল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই দুই ওপেনারকে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । কারণ দু’জনেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০’র সিরিজ়ের দলে নেই। ভারত ‘এ’ দলের সঙ্গে নিউ জ়িল্যান্ডে যাওয়ার কথা রাহুল এবং যশস্বীর। তার আগে ম্যাচ অনুশীলনের জন্যই রঞ্জি খেলতে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের । দু’জনেই ব্যর্থ হওয়ায় উদ্বেগ বাড়বে গম্ভীরের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট হবে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে। পেস সহায়ক উইকেটে খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। টেস্টে ভারতের হয়ে সম্ভবত রাহুল এবং যশস্বীই ইনিংস শুরু করবেন। তাই নিউ জ়িল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে তাঁদের আগেই ‘এ’ দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারত ‘এ’ এবং নিউ জ়িল্যান্ড ‘এ’ দল তিনটি বেসরকারি টেস্ট খেলবে। উল্লেখ্য, ভারত-নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজ় শুরু হবে ১৯ নভেম্বর থেকে।


