বেলজিয়ামকে ছিটকে ফ্রান্সের সামনে স্পেন

Date:

Share post:

স্পেনের আক্রমণ গুড়িয়ে দিয়ে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলেন তিবো কোর্তোয়া। ডেডলক রয়েই যাচ্ছিল। মিনিট ২০ বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়লেন চোখে জল নিয়ে। বেলজিয়ামের সম্ভাবনাও যেন বেরিয়ে গেল তার সামনে। বদলি নামা গোলকিপার সানা লমেন্সের হাত থেকে ফসকে আসা বলে আবার নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষের গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। এর আগে প্রি-কোয়ার্টারের ম্যাচেও বদলি নামার ছয় মিনিটের মধ্যে গোল করে পর্তুগালকে বিদায় করে দিয়েছিলেন এই মেরিনো! এবার গোল করলেন মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই! পুরো ম্যাচেই পজেশন ও আক্রমণে আধিপত্য রাখে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য তাদের ১৭ শটের আটটি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম পাঁচ শট নিয়ে কেবল দুটিই লক্ষ্যে রাখতে পারে। এই জয়ে ১৬ বছর পর আবার বিশ্বকাপের শেষ চারে উঠল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। আর গত দুই আসরেই তাদের পথচলা শেষ হয় শেষ ষোলো থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা।
প্রত্যাশিতভাবেই শুরু থেকে বেশিরভাগ সময় বল দখলে রেখে খেলে স্পেন। যদিও আক্রমণে তেমন ধার দেখা পাওয়া যায় নি। দশম মিনিটে একটি সেট পিসের পর বক্সে ফাঁকায় বল পেয়ে যান রদ্রি, তার শট রক্ষণে প্রতিহত হয়। ১১ মিনিট পর, বক্সের বাইরে জায়গা বানিয়ে শট নেন লামিন ইয়ামাল, যেটা লক্ষ্যে ধারেকাছেও ছিল না! ৩০ মিনিটে লক্ষ্যে প্রথম শটেই সাফল্য পেয়ে যায় স্পেন। ডানদিকে ইয়ামালের দারুণ পাস পেয়ে বক্সে দানি ওলমোকে খুঁজে নেন পেদ্রো পররো। প্রথম ছোঁয়ায় ওলমোর শট ঝাঁপিয়ে আটকে দেন কোর্তোয়া, ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে বিশ্বকাপে প্রথম জালের দেখা পান রুইস।
পাঁচ মিনিট পর, বক্সের বাইরে ইয়ামাল ফাউলের শিকার হলে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় স্পেন। তরুণ ফরোয়ার্ডের শট রক্ষণ দেয়ালের বাধা এড়িয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। এর কিছুক্ষণ পরই সমতা ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেয় বেলজিয়ান শিবিরে। ৪১ মিনিটে ডান দিক থেকে টিমোটি ক্যাস্তানির দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত হেডে গোলটি করেন ডে কেটলারে।
প্রথমার্ধে তাদের দুই শটের এটাই কেবল লক্ষ্যে ছিল।
বিশ্বকাপে ১০ ঘণ্টা ৪৯ মিনিট পর স্প্যানিশদের জালে বল জড়াল। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের জালে জোড়া গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জোড়া পরিবর্তন করেন স্পেন কোচ। অ্যালেক্স বায়েনা ও রুইসকে তুলে নামান ফেররান তরেস ও পেদ্রিকে। পাঁচ মিনিট পর বেলজিয়াম করে তিনটি বদল। মাঠে নামেন অ্যাক্সেল উইটসেল, রোমেলু লুকাকু ও জোয়াকিন সেইস। ৬১ মিনিটে ডান দিকে একটু কাট করে বাঁয়ে সরে এসে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ইয়ামাল, তবে কোর্তোয়া ছিলেন প্রস্তুত, ঝাঁপিয়ে আটকান তিনি। এক মিনিট পর, ওইয়ারসাবালের প্রচেষ্টাও রুখে দেন রেয়াল মাদ্রিদ গোলরক্ষক। চোটের ছোবলে শেষ পর্যন্ত অবশ্য পোস্ট পাহারা দিতে পারেননি কোর্তোয়া। উরুতে ব্যথা অনুভব করায়, একটু পরই উঠে যান তিনি, বদলি নামেন লমেন্স। চোট কাটিয়ে উঠলেও পুরো সময় খেলার মতো ফিট নন নিকো উইলিয়ামস। ফলে, গ্রুপ পর্বের তিন ম্যাচে বদলি হিসেবে কিছু সময় খেলার পর, নকআউট পর্বের দুই ম্যাচের পুরোটা সময় বেঞ্চেই কাটান তিনি। তাকেই ৭৯ মিনিটে মাঠে নামানো হয় ওইয়ারসাবালকে তুলে নিয়ে। একটু পর নামেন পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক মেরিনো। নামার দুই মিনিটের মধ্যেই দলকে উচ্ছ্বাসে ভাসান মেরিনো। তরুণ সেন্টার ব্যাক পাউ কুবার্সির নিচু শট ঝাঁপিয়ে আটকালেও, বল হাতে রাখতে পারেননি লমেন্স। ছুটে এসে আলগা বল জালে পাঠান আর্সেনাল তারকা মেরিনো। ম্যাচের গতিপথ নির্ধারণ হয়ে যায়। বিশ্বকাপে দুটি গোল করলেন মেরিনো। আগেরটি করেন পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোয়, শেষ দিকে বদলি নামার ছয় মিনিটের মাথায়। যোগ করা সময়ে তার একমাত্র গোলেই জয় পায় স্পেন।
যোগ করা সময়ে লড়াইয়ে নাটকীয় রূপ দেওয়ার একটা সুযোগ অবশ্য পেয়েছিল বেলজিয়াম। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাইলাইন থেকে গোলমুখে ক্রস বাড়ান জেরেমি ডোকু, তবে দারুণভাবে ক্লিয়ার করে বিপদ হতে দেননি এমরিক লাপোখ্ত‌। একটু পরই বাজে শেষের বাঁশি। স্বপ্নের অভিযানে আরেক ধাপ এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির, আর হতাশায় ডুবে যায় বেলজিয়াম। ফের শূন্য হাতে শেষ হলো বিশ্বকাপের অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...