ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রাখলো ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার। নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ৯৯ রানে হারায় কদমতলা প্লে সেন্টারকে। অনীশ কুরির বিধ্বংসী বোলিংয়ে এসে জয়। কলেজ স্টেডিয়ামে টসে জিতে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ১৪০ রান করে। মহম্মদ জহির হোসেন ৭১ বল-এ ১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং মহম্মদ সাহজাদ হোসেন ২৫ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ৫৬ রান। কদমতলা প্লে সেন্টারের পঞ্চম দত্ত ২৬ রানে ৩টি উইকেট পায়। জবাবে কদমতলা প্লে সেন্টার মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত পায় ১৮ রান। ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টারের অনীশ কুরি ১৭ রানে একাই ৭টি উইকেট তুলে নেয়।


