শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের তৃতীয় তথা নিয়ম রক্ষার এক দিনের ম্যাচ। তার আগে জোর ধাক্কা খেল স্বাগতিক দল । চোট পেয়ে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দ্বিতীয় ম্যাচ চলাকালীনই তিনি চোট পান। ফলে পুরো ওভার বল করতে পারেননি। তার পরিবর্ত হিসাবে ডাকা হয়েছে চেন্নাই সুপার কিংসের বোলার অংশুল কম্বোজকে। মুল্লানপুরে হবে তৃতীয় ম্যাচ। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০’র দলে থাকা ওয়াশিংটন সুন্দরকে রঞ্জি ট্রফিতে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন জাপানে আছেন। শনিবার ফাইনালের পর দেশে ফিরে রঞ্জি দলে যোগ দেবেন তিনি। সুন্দরের জায়গায় টি-২০’র দলে নেওয়া হয়েছে নমন ধীরকে। বুধবার দ্বিতীয় ম্যাচে মাত্র পাঁচ ওভার বোলিং করেছেন প্রসিদ্ধ। তারপরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি । তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। প্রথম স্পেলে প্রসিদ্ধ ৪ ওভার বোলিং করেন। এরপর ৩১তম ওভারে বল করতে আসেন তিনি। কিন্তু একটি ওভারের পর আর বল করতে পারেননি। প্রসিদ্ধের চোটের কারণে ভারত বাধ্য হয় নমন ধীরকে দিয়ে বল করাতে। তিনি ৬.১ ওভার বল করেন। তিনিও অবশ্য একবার চোট পেয়েছিলেন। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে প্রসিদ্ধ বেঙ্গালুরুতে যাবেন। সেখানে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে চিকিৎসা চলবে তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেই প্রসিদ্ধ। কম্বোজ ভারত এ দলে ছিলেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচের প্রথম দিন খেলেও ছিলেন। কিন্তু দ্বিতীয় দিনেই তাঁকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। প্রফুল হিঙ্গেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। যদিও তাঁর খেলার নিশ্চয়তা নেই। মহম্মদ সিরাজ তৃতীয় ম্যাচে ফিরতে পারেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।


