শারদীয়া পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের ক্রিকেটের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু। ১ অক্টোবর সকাল সাড়ে আটটায় উদয়পুরের জামজুরি স্কুল মাঠে হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ত্রিপুরা খেলবে আসামের বিরুদ্ধে। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। ১-৫ অক্টোবর পর্যন্ত হবে আসর। অংশ নেওয়া ৬ রাজ্যকে ২টি গ্রুপে রাখা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক ত্রিপুরা, আসাম, ওড়িশা, ‘বি’ গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড, বাংলা এবং বিহার। ইতিমধ্যে ত্রিপুরার দল ঘোষণা করা হয়েছে। রাজ্যকে নেতৃত্ব দেবেন রঞ্জন দেব। ডেপুটি হিসেবে থাকবেন নয়ন চন্দ্র রায়। ঘরের মাঠে সাফল্য পাওয়ার লক্ষ্যে চলছে ত্রিপুরা দলের জোড় প্রস্তুতি।


