উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটে সুপার ফোরে টানা দুই ম্যাচে জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছে গেলো জামজুরি স্কুল। শনিবার জামজুরি স্কুল ৮০ রানে হারায় কেবিআই স্কুলকে। টানা দুই ম্যাচে হেরে ছিটকে গেলো কেবিআই স্কুল। জামজুরি স্কুল মাঠে শনিবার বিজয়ী দলের কৃষাণ দাস অর্ধশত রান করেছে। এছাড়া দীপরাজ দাস বল হাতে ছিলো দুরন্ত। টসে জিতে জামজুরি স্কুল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। দলনায়ক কৃষাণ দাস ২৪ বল-এ ১টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, প্রসেনজিৎ চন্দ্র দে ২৬ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সুবীর বৈদ্য ১৩ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ১৬ রান। কেবিআই স্কুলের অরুপ দাস ২১ রানে ৩টি এবং আমার ত্রিপুরা ১২ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে কেবিআই মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। অরুপ দাস ১৪ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং আলামিন হোসেন ২৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। অতিরিক্ত পায় ১৯ রান। জামজুরি স্কুলের দ্বীপরাজ দাস ৯ রানে ৪টি, প্রনজিৎ দেব ৮ রানে এবং প্রসেনজিৎ চন্দ্র দে ৮ রানে ২টি করে উইকেট ভাগ করে।


