রঞ্জি ট্রফি এলিট গ্রুপ ‘বি’-র ম্যাচে ত্রিপুরাকে ৯ উইকেটে হারিয়ে দিল আসাম। ফলে টানা দুই ম্যাচে হেরে খুবই বাজে জায়গার রাজ্যদল! প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয় এবং ফলো-অন করার পর দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও ম্যাচ বাঁচাতে পারেননি টিম মণিশংকরের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ফলে এলিট গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে শক্তিশালী অবস্থানে উঠে এল আসাম।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চাপের মুখে দ্বিতীয় ইনিংসে ফলো-অনে নেমে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন ত্রিপুরার অধিনায়ক। তৃতীয় দিনে তিনি ১৬০ বলে ১৬১ রানের একটি বিধ্বংসী ও লড়াকু ইনিংস খেলেন, যাতে ছিল ১৬টি চার ও ৬টি ছয়। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সেন্টু সরকার করেন ৫৯ রান। এই দুই ব্যাটারের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান তুলতে সক্ষম হয় ত্রিপুরা। তবে প্রথম ইনিংসের বিশাল ঘাটতি থাকায় আসামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান। আসামের পক্ষে দ্বিতীয় ইনিংসেও মোহিত ঠাকুর ১০১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন।
মাত্র ৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আসাম। নিবির ডেকা ১৯ রানে অপরাজিত থাকেন এবং মুখতার হোসেন একটি ছয় মেরে ম্যাচ শেষ করেন। প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন আসামের বোলার মোহিত ঠাকুর।
এর আগে আসামের প্রথম ইনিংসের ৩৩৪ রানের জবাবে রাজ্য দল ৬২ রান করেছিল।


