জোড়াতালির প্রস্তুতি নিয়ে আজ থেকে রঞ্জি ট্রফির অভিযান শুরু করতে চলেছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী হায়দ্রাবাদ। ওই শহরের জিমখানা মাঠে হবে চার দিনের ওই ম্যাচটি। শনিবার দু’দল প্রস্তুতি সেরে নেয়। জিমখানা মাঠের উইকেট সবুজ ঘাসে ভরা। এনিয়ে দুশ্চিন্তায় রাজ্যদল। তবে ত্রিপুরা শিবিরের খবর, টসে জিতলে ফিল্ডিং নেবে। ৬ জন ব্যাটসম্যান এবং পাঁচজন বোলার নিয়ে প্রথম একাদশ নামানোর পরিকল্পনা রয়েছে। গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং ঋতুরাজ ঘোষ রায়। এরপর নামার কথা শ্রীদাম পালের। ওই তিনজনের পর তিনজন পেশাদার ক্রিকেটার নামবেন। জোরে বোলার হিসেবে প্রথম একাদশে থাকবেন মণিশংকর মুড়াসিং, অভিজিৎ সরকার এবং অজয় সরকার। স্পিনার হিসেবে থাকবেন পারভেজ সুলতান। রক্ষক হিসেবে খেলবেন সন্দীপ সরকার। প্রাথমিক পরিকল্পনা এমনটাই নেওয়া হয়েছে। আজ সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ সত্রাজিত লাহিড়ী। শনিবার প্রায় তিন ঘন্টা অনুশীলন করেন ক্রিকেটারর।
এবছর প্রস্তুতি ছাড়া দল গেছে হায়দ্রাবাদে। এই অবস্থায় মরশুমের প্রথম ম্যাচে ক্রিকেটাররা কতটা ভালো খেলতে পারবে এনিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা।
গত মরশুমে প্রথম দুটি ম্যাচ রাজ্যের বাইরের খেলতে গিয়ে ভরাডুবি হয়েছিল। এবার প্রথম তিনটি ম্যাচ রাজ্যের বাইরের খেলতে হবে। ফলে চাপ কিছুটা হলেও থাকবে।


