নতুন ক্রিকেট মরসুম শুরু হওয়ার মুখেই রাজ্যের চার প্রতিভাবান ও কৃতী ক্রিকেটারের পাশে দাঁড়ালো খেলার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘আর এস টি একক’। সংস্থার পক্ষ থেকে রাজ্য সিনিয়র মহিলা দলের অধিনায়ক রিজু সাহা, ঝুমকি দেবনাথ, অনূর্ধ্ব-২৩ দলের সপ্তজিত দাস এবং সিনিয়র পুরুষ দলের সেন্টু সরকারের হাতে নতুন মরসুমের কিটস্ ও সরঞ্জাম তুলে দেওয়া হয়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে এসব তুলে দেন সংস্থার ম্যানেজার অর্ঘ্য দত্ত। কলকাতার একাধিক প্রতিষ্ঠিত ক্রিকেটারের পর এবার ত্রিপুরার উঠতি ও সফল ক্রিকেটারদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নতুন ব্যাট, প্যাড সহ যাবতীয় সরঞ্জামের মান দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন গত মরসুমের চার সফল ক্রিকেটার। আধুনিক মানের এসব সরঞ্জাম আগামী মরসুমে মাঠে নামার আগে তাঁদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানান ক্রিকেটাররা। ক্রীড়া সরঞ্জামের চমৎকার গুণগত মান ও উপহার পেয়ে ক্রিকেটাররা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং আগামী মরসুমে রাজ্যে সেরা পারফর্ম করার আশ্বাস দেন।
সংস্থার ম্যানেজার অর্ঘ্য দত্ত জানান, আগামী এক বছর এই চার ক্রিকেটারের প্রয়োজনীয় সমস্ত খেলার সরঞ্জাম সরবরাহ করবে ‘আর এস টি একক’। কেবল সরঞ্জাম প্রদানই নয়, অফ-সিজনে তাঁদের কলকাতায় পাঠিয়ে অভিজ্ঞ ক্রিকেট কোচেদের অধীনে বিশেষ অনুশীলন ও ম্যাচ খেলার সুব্যবস্থাও করা হবে। মূলত ত্রিপুরার উদীয়মান ক্রিকেটারদের সঠিক সুযোগ ও উৎসাহ দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও রাজ্যের আরও বহু উদীয়মান খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।


