শক্ত এক দেয়াল গড়ে রেকর্ডের হাতছানিতে মাঠে নেমেছিলেন উনাই সিমোন। ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি ম্যাচে ক্লিন শিট রেখে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় জাল অক্ষত রাখার রেকর্ড গড়লেন এই স্প্যানিশ গোলকিপার। সোফি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জয়ের পথে রেকর্ডটি নিজের করে নেন সিমোন। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ৫১৯ মিনিট ধরে সিমোনকে পরাস্ত করে, স্পেনের জালে বল পাঠাতে পারেনি কেউ। আগের রেকর্ডটি ছিল ইতালির ওয়াল্তার জেঙ্গার। ১৯৯০ আসরে শুরু থেকে টানা পাঁচ ম্যাচে ক্লিন শিট রেখে, ৫১৮ মিনিট জাল অক্ষত রেখেছিলেন তিনি। দুই বিশ্বকাপ মিলে নতুন রেকর্ডটি গড়লেন সিমোন। গত আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল স্পেন। তাদের জালে শেষবার বল জড়িয়েছিল ম্যাচের ৫১ মিনিটে। সেই থেকে এখন পর্যন্ত কোনো গোল হজম করেননি সিমোন, গোল খায়নি স্পেনও। ওই আসরে যদিও শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য ড্রয়ের পর, টাইব্রেকারে ছিটকে পড়েছিল স্প্যানিশরা। আর এবার তারা কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর, গ্রুপের পরের দুই ম্যাচে সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে হারায়। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেন খেলবে পর্তুগালের বিপক্ষে। এখন দেখার বিষয়, গোল না খাওয়ার রেকর্ডটা কতদূর টেনে নিতে পারেন ২৯ বছর বয়সী সিমোন।


