সুপার লিগের লড়াইয়ে নামার আগে শক্তি বাড়ালো লালবাহাদুর ব্যায়ামাগার। এনেছে সিকিম থেকে আক্রমণ ভাগের ফুটবলার রাম সন্ন্যাসী’কে। ৩০ সেপ্টেম্বর সুপারের প্রথম ম্যাচে লালবাহাদুর খেলবে খেতাবের অন্যতম দাবিদার এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঐদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। সোমবার দলের সঙ্গে যোগ দিলেন দিল্লি ক্লাব ফুটবলে খেলা রাম সন্ন্যাসী। শুধু আক্রমণ ভাগে নয়, মাঝমাঠেও একজন ফুটবলার আনার পরিকল্পনা চলছে বলে ক্লাব সূত্রে খবর। ভাগ্যের জোরে গ্রুপ লিগে চতুর্থ স্থান পেয়ে সুপারে উঠেছে বনমালীপুরের ওই ক্লাবটি। লীগে ভালো খেললেও আক্রমণ ভাগের দুর্বলতার জন্য কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই দুর্বলতা কাটিয়ে তুলতেই আনা হয়েছে সিকিমের রেড ফান্ডা দলের আক্রমভাগের সেরা অস্ত্রটিকে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সন্ন্যাসী। কোচ লিটন মজুমদার জানান, সন্ন্যাসী যোগ দেওয়ায় দলের শক্তি অনেক বেড়েছে। যা লড়াই আরো জোরদার করবে।


