সোমবার যে জিতবে সুপার ফোরে খেলবে তারা। লড়াইয়ে নামবে ফরোয়ার্ড ক্লাব এবং টাউন ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় নৈশালোকে হবে ম্যাচটি। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি লীগ ফুটবলে ইতিমধ্যে এগিয়ে চলো সংঘ, কল্যাণ সমিতি এবং ব্লাড মাউথ ক্লাব শেষ চারের ছাড়পত্র অর্জন করে নিয়েছে। চতুর্থ দল হিসেবে লড়াইযে রয়েছে ফরোয়ার্ড এবং টাউন ক্লাব। সাথে রয়েছে লালবাহাদুর ব্যায়ামাগারও।
পয়েন্টের হিসেবে টাউন ১২, লালবাহাদুর ১১ ও ফরোয়ার্ড ১০। লালের ৮ ম্যাচ খেলে নিলেও টাউন খেলেছে ৭টি আর ফরোয়ার্ড ৬টি। সেই হিসেবে ফরোয়ার্ডের সামনে সুযোগ রয়েছে একটু বেশী। টাউনের বিরুদ্ধে না হারলে ফরোয়ার্ড শেষ একটা সুযোগ পাবে এগিয়ে চলোর বিরুদ্ধে। ফরোয়ার্ড বনাম টাউনের লড়াই ড্র হলে শেষ ম্যাচে ২৫ সেপ্টেম্বর এগিয়ে চলোর বিরুদ্ধে জিততেই হবে ফরোয়ার্ডকে।
দু’দলের কাছে ম্যাচটি ডু অর ডাই। আর এ কোন দলকেই এগিয়ে রাখা যাবে না। চাপের লড়াই। ফরোয়ার্ড ক্লাব কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও টাউন ক্লাবের ফুটবলাররা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। মরশুমে টাউন দুরন্ত লড়াই ছুঁড়ে দিয়েছে প্রতিটি ম্যাচেই। এই অবস্থায় ফরোয়ার্ড ক্লাবকে বেশ সতর্ক থাকতে হবে। হালকা ভাবে টাউনকে নিলে খেসারত দিতে হতে পারে।
সেরা একাদশ মাঠে নিয়েই নামাতে নামবে দুই শিবির। এই ম্যাচটা সুপার ফোরে উঠার ফাইন্যাল হিসেবে দেখা হচ্ছে।


