লড়াই করলেও হেরে আসর শুরু করলো ত্রিপুরার সিনিয়র মেয়েরা। সীমিত রান নিয়ে বোলার’রা যেভাবে দাপট দেখিয়েছেন তাতে হারলেও পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে বলা যায়। লখনৌতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মেয়েদের টি-২০ ক্রিকেটে অটল বিহারী বাজপাই একানা ক্রিকেট স্টেডিয়ামে রাজ্যদল দুই উইকেটে হেরে যায় রেলওয়ের কাছে। ত্রিপুরার গড়া ৯৮ রানের জবাবে রেল দশ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে রান তুলে নেয়। রাজ্যের তামান্না নিগম এবং অন্নপূর্ণা দাস বল হাতে নজর কেড়ে নেন। ব্যাট করার সুযোগ পেয়ে সেই ব্যর্থতায় ত্রিপুরা মাত্র ৯৮ রান করে। ছয় নম্বরে ব্যাট নেমে পেশাদার তামান্না কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় স্কোর ভদ্রস্থ হয়। তামান্না ২৮ বল-এ পাঁচটি বাউন্ডারি সাহায্যে ৩০ রান করেন। এছাড়া ওপেনার মৌচৈতি দেবনাথ ১৩ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দলনেত্রী ঋজু সাহা ১৮ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। রেলের একতা বিষ্ট ৭ রানে এবং তনুজা কানোয়ার ১১ রানে তিনটি করে উইকেট ভাগ করেন। জবাবে রেলওয়ে শুরুটা ভালো করলেও রাজ্যদলের বোলারদের দাপটে ক্রমাগত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের পায়। আরুশি গোয়েল ২৪ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩১, ভাবনা গোপলানি ২৫ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৫, শিপ্রা গিরি ১১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১২ এবং রিয়া চৌধুরী ১৩ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার তামান্না ১০ রানে এবং অন্নপূর্ণা ১৮ রানে তিনটি করে উইকেট ভাগ করেন। মঙ্গলবার ত্রিপুরার প্রতিপক্ষ তামিলনাড়ু। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।


