মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটের খেতাব দখলের লড়াইয়ে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ব্লাডমাউথ ক্লাব এবং তরুণ সংঘ কোচিং সেন্টার। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বুধবার সকাল দশটায় শুরু হবে ম্যাচটি। আজ ফেভারিট হিসেবে নামবে তারকা খচিত ব্লাডমাউথ। তবে কমলা কালো দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর তরুণ সংঘের লড়াকু ক্রিকেটাররা। দু’দলই রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। যারা যে কোন সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্দ্ররাণী জমাতিয়ার উপর আশা তরুণ সংঘের। ব্যাট হাতে উইকেটে টিকে যেতে পারলে বিপক্ষ দলের বোলারদের চাপে ফেলে দেবেন ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওই ক্রিকেটারটি।


