আরও একটা জয় ছিনিয়ে রানার্স ট্রফি ঘরে তুলতে এগিয়ে গেলো সরোজ সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ে সরোজ নিজেদের সপ্তম ম্যাচে জয় ছিনিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে পেছনে রয়েছে বিবেকানন্দ ক্লাব। আর ১৮ পয়েন্ট নিয়ে ত্রিবেণী সংঘ খেতাব নিশ্চিত করে নেয় তাদের দুই ম্যাচ বাকি থাকতেই।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের জম্পুইজলার একঝাঁক ফুটবলার নিয়ে গঠিত মৌচাক ক্লাবের বিরুদ্ধে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে সরোজকে। ম্যাচটা ২-১ গোলে জিতলেও প্রথমার্ধে বেশ টক্কর দেয় মৌচাক। বিরতির আগে সমানে লড়াই করে উভয় শিবির। বিক্ষিপ্ত সুযোগ তৈরি করেও জালের দেখা কোন দলই পায় নি।
বিরতির পরও উভয় শিবির গোলের জন্য মরিয়া হলে প্রথম লিড নেয় মৌচাক। ৬৩ মিনিটে সাগর দেববর্মা ১-০ করে দেন। আচমকা পিছিয়ে গেলেও ৩ মিনিটের ব্যবধানে সরোজ’কে সমতায় ফেরান লাল রিনহলুয়া। এই গোলটির পর মৌচাকের শিবিরে চাপ বাড়ায় সরোজ। ৭৬ মিনিটে ফেল জাল নাড়িয়ে জাকারিয়া হলাম সরোজকে ২-১ গোলে এগিয়ে দেন। বাকি সময় এই লিড ধরে রেখে সরোজ তিনটি মূল্যবান পয়েন্ট নিশ্চিত করে।


