শ্রীলংকা ক্রিকেট একাদশের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি শুভমান গিল। দলকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে দুবার চোট পাওয়ার কারণে শুক্রবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে শুভমান গিলকে নিয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়। অধিনায়কের চোট রীতিমত উদ্বেগ বাড়িয়ে দেয় ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার ভারতীয় শিবির থেকে শুভমান বিলের অনুশীলন চোট পাওয়া নিয়ে এমন কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করা না হলেও শুক্রবার গোটা বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন গিল। বোর্ডের চিকিৎসকরা শুভমান গিলের চোটের উপর তীক্ষ্ণ নজর রাখছে। আর এই কারণেই প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। গিলের চোট তেমন একটা গুরুতর নয়। ১৫ আগস্ট থেকে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে সমস্যা হবে না তার। তবে শনিবার এবং রবিবার তিনি মাঠে নামবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন দলের চিকিৎসকরা। তবে আশা করা হচ্ছে শনিবার না হলেও রবিবার খেলতে পারবেন তিনি।


