শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়লাভ করলেও ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের পরাজয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্নতায় রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড সূত্রে খবর সেই ব্যর্থতা নিয়ে আলোচনা করতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নির্বাচিত প্রধান অজিত আগরকর এবং বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স এর প্রধান ভিভিএস লক্ষণকে বৈঠকে ডাকলো বোর্ড। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই বৈঠক হওয়ার কথা রয়েছে । আরও একটি বিষয় হল বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ে চোট আঘাত সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না। চোট আঘাত সমস্যা খানিকটা কাটিয়ে উঠলেও পুনরায় আবার চোট আঘাতে তাদেরকে জর্জরিত হতে হচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকে এই সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ এর সিরিজের লক্ষ্যে ভারতের দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে এমন চারজন ক্রিকেটার রয়েছেন যারা এখনো পুরোপুরি ফিট নন। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট পাওয়া এই ক্রিকেটাররা পুনরায় চোট পেয়ে গেলে আরো বেশি সমস্যা হবে ভারতীয় ক্রিকেট দলের। এই বিষয়টি নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। টি-২০ এর বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল টানা দুটি টি-২০ এর সিরিজে হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও হারতে হয়েছে ভারতকে। এরপর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ফরমেটের সিরিজ। যা দিয়ে ২০২৭ এক দিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চায় না। নির্বাচক, কোচিং কমিটি এবং সেন্টার অব এক্সিলেন্স এর মধ্যে নিবিড় সংযোগ ও বোঝাপড়া চাইছে বোর্ড।


