শূন্য হাতে আসর শেষ করলো বিজয় কুমার বালিকা বিদ্যালয়। মেয়েদের সদর আন্ত: স্কুল ক্রিকেটে ৬ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে। অপরদিকে ৬ ম্যাচ খেলে ৩টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হলিক্রস স্কুল। নেপকো মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হলিক্রস ডি এল এস মেথডে ৮ রানে জয় পায়। বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হওয়ায় ওভার কমিয়ে আনা হয় ১৪-তে। ব্যাট করার সুযোগ পেয়ে বিজয় কুমার নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করে। অতিরিক্ত পায় ৩১ রান। এছাড়া শর্মিলা দেববর্মা ৫৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং খাজা রাণী ত্রিপুরা ১২ রান করে। জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন হলিক্রস স্কুল ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান করেছিল। ডি এল এস মেথডে ৫ ওভারে দরকার ছিল ৩১ রান। রিমসা কর্মকার ১০ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। বিজয় কুমারের এলিয়া মলশুম ২ রানে ৩টি উইকেট পায়।


