সদরের আন্ত: স্কুল মেয়েদের ক্রিকেটের ফাইনালে বরদোয়ালী স্কুলের প্রতিপক্ষ আসাম রাইফেলস পাবলিক স্কুল। ৭ সেপ্টেম্বর হবে আসরের খেতাব দখলের লড়াই। নেপকো মাঠে শনিবার আসরের সেমিফাইনালে আসাম রাইফেলস পাবলিক স্কুল হারায় প্রণবানন্দ বিদ্যামন্দিরকে। ব্যাট করার সুযোগ পেয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। অনুষ্কা টুডু ৪৭ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬, অন্তরা মুহুরী ২৮ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৫, কৃষ্টিনা রেমা ১৮ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মহাশ্বেতা দাস ১৭ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ৩২ রান। জবাবে আসাম রাইফেলসের বোলারদের আক্রমণের মুখে প্রণবানন্দ বিদ্যামন্দির ৮৩ রান করতে সক্ষম হয়। সাক্ষী ভার্মা ৩০ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং অস্মিতা রায় ১২ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। অতিরিক্ত পায় ২৫ রান। আসাম রাইফেলসের দিয়া সরকার ৭ রানে ৩টি উইকেট পায়।


