রাজ্য ক্রিকেটে একেবারে লজ্জাকর স্কোর। প্রথম ম্যাচে ৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছিল ১৫ রান। তৃতীয় তথা গ্রুপে শেষ ম্যাচে ২৮ রানে গুটিয়ে যায় কৈলাসহর। রাজ্য ক্রিকেটে যখন উন্নতির হাকডাক তখন বিভিন্ন মহকুমার জঘন্য পারফরমেন্স চিন্তায় রাখল রাজ্য ক্রিকেট সংস্থাকে। বুধবার পরাজয়ের হ্যাটট্রিক করে আসর শেষ করলো কৈলাসহর। ধর্মনগরের কাছে হারলো ১০ উইকেটে। রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে জামজুরি স্কুল মাঠে টসে জিতে কৈলাশহর ২৮ রান করে। একসময় নয় রানে ৭ উইকেট হারিয়েছিল। সুপ্রিয়া দে ১৬ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ধর্মনগরের সাগরিকা দাস ২ রানে, পূজা পাল ৩ রানে এবং সুস্মিতা তেলি ১৫ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে ধর্মনগর ১৫ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। পূজা পাল ১০ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান।


