রাজ্য ক্রিকেটে আবারও আমবাসার লজ্জার পারফরম্যান্স! সারা বছর অনুশীলন না করার খেসারত দিতে হল। বুধবার কমলপুরের কাছে হেরে যায় ৪৫ রানে। লো স্কোরিং ম্যাচে বিলোনীয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে মেয়েদের রাজ্যস্তরের ক্রিকেটে ব্যাট করার সুযোগ পেয়ে কমলপুর মাত্র ৬২ রান করে। সুস্মিতা দাস ২৮ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। অতিরিক্ত পায় ১৬ রান। আমবাসার তৃষ্ণা দাস ১১ রানে তিনটি, বর্ষা দেবনাথ ২২ রানে এবং ক্রিস্টেনা রেমা ২৯ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে আমবাসা গুটিয়ে যায় মাত্র ১৭ রানে। অতিরিক্ত পায় ১০ রান। কমলপুরের নিবেদিতা দাস ৪ রানে এবং রুমা দাস ৭ রানে পাঁচটি করে উইকেট ভাগ করেন। আসরে প্রথম জয় পেল কমলপুর। অপরদিকে পরাজয় হ্যাটট্রিক করে বিদায় নিলো আমবাসা।


