অরিন্দম বর্মনের দাপটে স্ফুলিঙ্গ ক্লাব লড়াইয়ে রইলো। একসময় ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল স্ফুলিঙ্গ। চাপের মুখে একা লড়াই করে দলকে লড়াকু স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নিয়েছেন অরিন্দম। ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে জেসি লীগ ক্রিকেটে প্রথম দিনের শেষে ছয় উইকেট হারিয়ে ১৮৫ রান করে বনমালিপুরের ক্লাবটি। নরসিংগড় টিআইটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় একসময় চাপে পড়ে গিয়েছিল দল। শেষে লড়াই করেন অরিন্দম। প্রথম দিনের শেষে ৪৯ বল-এ চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৬ রানে অপরাজিত থেকে যান। পল্লব দাস ১১৯ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৭, দেবাংশু দত্ত ৪৫ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ২৪ এবং সৌরভ দাস ৫১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ব্লাডমাউথের অমিত আলী ২৯ রানে তিনটি উইকেট পান।


