ধর্মনগরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ১০ উইকেট দখল করে নজির গড়লো রাজদীপ ঘোষ! মহকুমার প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দখল করলো দশটি উইকেট! মাত্র তিন মাস আগে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টারে যোগ দেয় এই প্রতিভাবান বোলারটি। কোচ সঞ্জয় শর্মা তৈরি করেন বা হাতি ওই বোলারটিকে। সোমবার রাজদীপের বোলিংয়ে কুপোকাত হলো রাধাপুর প্লে সেন্টার। কলেজ স্টেডিয়ামে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার জয়লাভ করে ১০ উইকেটে। টসে জিতে বিবিআই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রাজদীপের আক্রমণে লুটিয়ে পড়ে রাধাপুর প্লে সেন্টার। গুটিয়ে যায় মাত্র ১৮ রানে। অতিরিক্ত ১৪ রান পায়। আট জন ব্যাটসম্যান কোন রান করতে পারেনি। রাজদীপ ৭.৪ ওভারে ৪টি মেডেন সহ ৬ রান খরচ করে হ্যাটট্রিক সহ ১০টি উইকেট দখল করে। জবাবে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ২৭ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। শান দাস ১৩ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যায়। ছাত্রের দুর্দান্ত পারফরমেন্সে খুশি কোচ সঞ্জয় শর্মা। খেলা শেষে সঞ্জয় বলেন, যথেষ্ট প্রতিভাবান রাজদীপ। ওর মধ্যে বড় মাপের ক্রিকেটার হয়ে ওঠার গুণ রয়েছে। চেষ্টা করব আরো উন্নতি করার।


