উদয়পুরে পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো স্বাগতিক ত্রিপুরা। ১৭ রানে হারালো আসামকে। জামজুরি স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে উদ্বোধনী ম্যাচে ত্রিপুরার বিশ্বজিৎ দেবনাথ এবং সুকান্ত সরকার সকলের নজর কেড়ে নেন। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। পরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ওপেনার বিশ্বজিৎ এবং সুকান্ত দুরন্ত ব্যাটিং করে দলকে বড় স্কোর করার দিকে নিয়ে যান। বিশ্বজিৎ ৩৭ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ৪২ এবং সুকান্ত ৩৭ বল-এ ৪০ রান করেন। এছাড়া অতিরিক্ত পায় ৩৮ রান। আসামের হিমেন বড়গোহাইন নয় রানে, চিত্তরঞ্জন কালিকা ১৬ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে আসাম নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয়েছে। ওপেনার হিমেন বড়গোহাইন ৫৩ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ৫২ এবং মনজিৎ চৌধুরী ১০ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। অতিরিক্ত পায় ৩৮ রান। ত্রিপুরার রাজেন্দ্র পানুরিয়া ১৮ রানের দুটি উইকেট দখল করেন।


