ব্লাড মাউথ ক্লাবের অভিযোগ খারিজ করলো রাজ্য ফুটবল সংস্থা! পেশাদার ফুটবলার থেকে ৩০ দিনের বিরতি ছাড়াই অপেশাদার আসরে খেলার ফলে ফুটবল ফেডারেশনের রেজিষ্ট্রেশনের নিয়ম ভাঙ্গার পরেও ফুটবল সংস্থার লিগ কমিটি বিষয়টিকে গুরুত্ব দিল না। ‘টিএফএ’র লিগের নিয়মে কোন বাধা নেই’ – এই বক্তব্য সামনে রেখে ব্লাডের আবেদন খারিজ করে দেয়। ব্লাড মাউথ বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হতে চলেছে।
ফুটবল ফেডারেশনের রেজিষ্ট্রেশনের আইনের ৩.১ ধারায় পেশাদার ফুটবলার থেকে অপেশাদার হলেও ৩০ দিন পর মাঠে নামার নিয়ম স্পষ্ট উল্লেখ রয়েছে। কলকাতার ভবানীপুর ক্লাবের হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলে ১২ দিনের মধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অপেশাদার লিগে কল্যাণ সমিতির হয়ে মাঠে নামেন মুর্মু। আর এনিয়েই লিগ কমিটির কাছে চিঠি দিয়েছিল ব্লাডমাউথ ক্লাব। কিন্তু ফুটবল সংস্থা ওই প্রতিবাদ পত্রটি খারিজ করে দেয়। লিগ কমিটিতে এই স্পর্শকাতর বিষয়টিতে ফেডারেশনের কাছে মতামত চাওয়ার প্রস্তব দেন কয়েকজন সদস্য। কিন্তু সেই প্রস্তাবও গ্রহন করা হয় নি।
ব্লাডমাউথ ক্লাব ফুটবল ফেডারেশনে গেলে নতুন করে ঝামেলা যে তৈরী হবে তা বলার অপেক্ষা রাখেনা। ব্লাড বিষয়টি নিয়ে গভর্নিং বডিতেও আলোচনার জন্য চিঠি দিতে পারে বলে সংবাদ। ফলে জল ঘোলা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গত মরশুমে পারভেজ ভূইয়ার ইস্যুতে ল্যাজে গোবরে হয়েছিল রাজ্য ফুটবল সংস্থা। এই ইস্যুটিও যথেষ্ট সলিড। ফলে মুর্মু’র বেআইনি খেলা নিয়ে শেষটা কি হয় সেটাই দেখার।


