আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে কার গোলে হেরেছে ভারত। শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দল লড়াই করার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু হার এড়াতে পারে নি। দুই অর্ধে দুটি করে গোল হজম করে ব্লু টাইগাররা।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, মার্কিনহোস এবং এস্তেভাও আক্রমণাত্মক ফুটবল খেলেন। ম্যাচের প্রথম দিকে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু কয়েকটি দুর্দান্ত সেভ করলেও, ২৮ মিনিটে ডিফেন্স এবং গোলকিপারে ভুলে প্রথম গোলটি করেন তরুণ তুর্কি এস্তেভাও। এরপর ৪২ মিনিটে স্ট্রাইকার পেড্রো গোল করে ব্যবধান ২-০ করেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্রাজিল তাদের আক্রমণের ধার বজায় রাখে। ৫৮ মিনিটে পেড্রোর অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন উইঙ্গার সামুয়েল লিনো। ভারতীয় কোচ এবং ফুটবলাররা ব্যবধান কমানোর বা গোল হজম আটকানোর আপ্রাণ চেষ্টা চালান এবং ম্যাচ শেষের আগে ইঞ্জুরি টাইমে (৯০+৫ মিনিটে) নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন সামুয়েল লিনো।
এম্যাচে শুরুতে ২৮ মিনিট পর্যন্ত ব্রাজিলকে রুখে দিয়ে আশা জাগালেও শেষ রক্ষা হয় নি। তবে তৃতীয় গোল হজম করার পর বেশ কয়েকটি বিক্ষিপ্ত আক্রমনে ব্রাজিলের শিবিরে হানা দেয় ভারতীয় দল। যদিও জল নাড়াতে পারে নি।
ম্যাচে বল পজেশনে ভারতের ৩৪ শতাংশের তুলনায় ব্রাজিলের ছিল ৬৬ শতাংশ। হার সত্ত্বেও, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে যুবভারতীতে ভারতীয় ফুটবলারদের এই লড়াই এবং অভিজ্ঞতা দেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। ভারতের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে ৬ অক্টোবর কলকাতাতেই হবে।


