তিন পেশাদার ক্রিকেটার ছাড়াই রাজ্য রঞ্জি দলের রিপোর্টিং হলো শনিবার। বাকিরা এলেও দুই পেশাদার মন্দীপ সিং ও স্বপ্নীল সিং আসবেন ৫ অক্টোবর। আর অপর পেশাদার হনুমা বিহারী সরাসরি হায়দ্রাবাদে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানেই রাজ্যদলের প্রথম ম্যাচ ১১ অক্টোবর থেকে স্বাগতিক হায়দ্রাবাদের সাথেই।
একসময় ত্রিপুরার হয়ে রঞ্জি’তে খেলে গেছেন বাংলার সত্রাজিত লাহিড়ী। তিনি এবার রাজ্য দলের কোচ। শনিবার এম বি বি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের সাথে কথা বলেছেন অনেকটা সময়। পরিচয় পর্বের পর এবারের আসর নিয়ে উভয় তরফে ভাবনা আদান প্রদান হয় প্রায় ঘন্টা খানেক। রবিবার থেকে দিন তিনেক ক্রিকেটারদের নিয়ে মাঠে নাড়াচাড়া করা ছাড়া কোচের কাছে আর করার কিছুই নেই। ৮ অক্টোবর হায়দ্রাবাদ উড়ে যাওয়ার কথা গোটা দলের।
রঞ্জি’তে এবার সেভাবে প্রস্তুতি হলো না রাজ্য দলের। রাজ্যের বাইরের দল পাঠানোর প্রশ্নই নেই। কারণ দল গঠনে এবার এসেছে – ‘প্যারামিটার থিয়োরি’! এই নতুন থিয়োরি’র প্রবর্তক রাজ্য ক্রিকেটের কর্তারা! নির্বাচকরা ঠুঁটো জগন্নাথ! আর ‘প্যারামিটার থিয়োরি’ প্রয়োগের ফলে দল এবড়া ঘোষণা হলো ১০ দিন আগে! প্রস্তুতি তিন দিনের! সব কর্তার ইচ্ছায় কীর্তন! এবার দেখার ‘প্যারামিটার থিয়োরি’ রাজ্যদলকে কতটা সাফল্য এনে দিতে পারে।


