আগরতলা লিগে অপরাজিত খেতাব পেলো ময়দানের বড় ক্লাব এগিয়ে চলো সংঘ। খেতাব দখলের লড়াইয়ে নির্ণয়ক ম্যাচে কল্যাণ সমিতির সাথে পয়েন্ট ভাগ করে মেলারমাঠের দলটি। ফলে গোলের ব্যবধানে এক বছর বাদে ফের লিগের খেতাব দখল করে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত এদিনের লড়াইয়ে শুরুটা সামান্য ধীর লয়ে হলেও এগিয়ে চলো ঝাপায় পজেটিভ মানসিকতা নিয়ে। প্রথমার্ধে প্রতিপক্ষকে চাপে ফেলে বেশ কয়কটি সুযোগ তৈরী করে। একটি ক্ষেত্রে বল পোস্টে ধাক্কা খায়। আর বিরতির ঠিক আগে একটি পেনাল্টি থেকে দল বঞ্চিত হয় এগিয়েচলো। বিরতির পর খেলায় ফেরে কল্যাণ। সময়ের সাথে পাল্লা দিয়ে চাপ বাড়ার। এই অর্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরী করেও জাল নাড়াতে ব্যর্থ হয়। ড্র করে রানার্স ট্রফি নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।
ম্যাচের পর চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানার্স দলকে ৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।


