ডিজিটালাইজেশনের যুগে মোবাইল ফোন ও ইন্টারনেটের দুনিয়ায় ব্যস্ত শিশু-কিশোরদের মাঠমুখী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তাঁর প্রচেষ্টায় সাংসদ তহবিল থেকে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পুনরুদ্ধার করা হলো সরোজ সংঘের নিজস্ব খেলার মাঠ। মোবাইল ও নেট দুনিয়ায় ব্যস্ত থাকার পাশাপাশি নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। এর ফলে খেলাধুলার অভ্যাস অনেক ক্ষেত্রেই কমে আসছে। এই পরিস্থিতিতে এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাঁদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই সরোজ সংঘের খেলার মাঠ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। সাংসদ তহবিলের প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে মাঠটি পুনরুদ্ধার হওয়ায় এলাকায় খেলাধুলার পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা । খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগের অংশ হিসেবে সাংসদ রাজীব ভট্টাচার্য সরোজ সংঘের খেলার মাঠের ফলক উন্মোচন করেন। মোবাইলের ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে নতুন প্রজন্মকে খোলা মাঠে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি এলাকার ক্রীড়াচর্চার পরিবেশকে আরও সক্রিয় করে তোলার ক্ষেত্রে সরোজ সংঘের এই মাঠ পুনরুদ্ধার বিশেষ গুরুত্ব বহন করবে আগামী দিনে।


