এশিয়ান গেমস কিংবা অলিম্পিক গেমস থেকে দেশে ফেরার পর পদক জয়ীদের সঙ্গে দেখা করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারেও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৫ অক্টোবর দিল্লিতে নিজের বাড়িতে পদক জয়ীদের সঙ্গে বিকেল সাড়ে ৪ টায় দেখা করবেন প্রধানমন্ত্রী। এবারে এশিয়ান গেমসে ২১ টি সোনা সহ মোট ৮৫ টি পদক জিতেছে ভারত। আসর শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। ব্যক্তিগত এবং দলগত বিভাগে পদক জয়ী সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলবেন তাদের সঙ্গে এবং উৎসাহিত করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতে ভারতের দুই বিভাগের ক্রিকেট দল উপস্থিত থাকবে কিনা, সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ ভারতের পুরুষ দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০’র সিরিজ খেলছে। এশিয়ান গেমসে খেলা বেশিরভাগ ক্রিকেটার রয়েছেন এই দলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪ অক্টোবর ম্যাচ রয়েছে। পরের দিন দিল্লিতে ভারতীয় ক্রিকেট দল দেখা করতে যাবে কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। পঞ্চম তথা শেষ ম্যাচটি হবে ১৭ অক্টোবর। ভারতের মহিলা দলকে নিয়েও প্রশ্ন রয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে মেয়েদের সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। তার একদিন আগে প্রধানমন্ত্রীর বাড়িতে কিভাবে উপস্থিত হবে মহিলা ক্রিকেটাররা, সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কোন দলের তরফ থেকেই এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলা হয়নি। তবে অন্যান্য ক্রীড়াবিদদের নিয়ে অবশ্য সমস্যা নেই। এশিয়ান গেমস থেকে ফেরার পর বেশিরভাগ অ্যাথলিটই রয়েছেন দেশে। তীরন্দাজ, কুস্তিগীর এবং বক্সারদের অনেকেই এখনো অনুশীলনে ফেরেননি। হকির দুই দলই রয়েছে দেশে। এবারের এশিয়ানে সবচেয়ে ভালো ফল করেছেন তীরন্দাজেরা তারা পাঁচটি সোনা, দুটি রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন। কুস্তিগীরেরা ছয়টি পদক জিতেছেন। যার মধ্যে রয়েছে দুটি সোনা। তীরন্দাজ এবং কুস্তিগীরদের দাপটে শেষ দু’দিনে প্রচুর সোনা জিতেছে ভারত।


