বক্সনগরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো আনন্দনগর ইলেভেন স্টার। ফাইনালে মধু’র দুর্দান্ত গোলে বাগবের ইলেভেন স্টারকে ১-০ ব্যবধানে পরাজিত করে। বুধবার বক্সনগর মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ম্যাচের শুরু থেকেই দুই দল লড়াকু ফুটবল উপহার দেয়। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই আনন্দনগর ইলেভেন স্টারের নাইজেরীয় ফুটবলার মধু দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একাধিক গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আনন্দনগর।দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় বাগবের ইলেভেন স্টার। একের পর এক আক্রমণে আনন্দনগরের রক্ষণভাগকে চাপে রাখলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, আনন্দনগর ইলেভেন স্টারের রক্ষণভাগও দৃঢ়তার সঙ্গে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে। ফলে এমএলএ কাপের শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকরা। ফাইনাল ম্যাচে দুই দলের বিদেশি ও দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ফুটবলারদের অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। বাগবের ইলেভেন স্টারের হয়ে মিশরের মোস্তফা খারারা ও সেনেগালের মানা বাকারা সহ বিভিন্ন দেশের ফুটবলার মাঠে নামেন।অন্যদিকে, আনন্দনগর ইলেভেন স্টারেও বিদেশি এবং ভারতের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা অংশ নেন। তাঁদের গতি, দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের হিসাব অনুযায়ী, প্রায় ৩০ হাজার দর্শক এদিন খেলা উপভোগ করেন। বড় আকারের একটি বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বিধায়ক তফাজ্জল হোসেন ও সমাজসেবী অনিল চন্দ্র দাস ফুটবলে লাথি মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফাইনালকে আরও বর্ণাঢ্য করে তোলা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাংশের জেলা পরিষদ সদস্য প্রসেনজিৎ ঘোষ, বক্সনগর ব্লক চেয়ারম্যান স্বপ্না নমঃ, বিডিও সন্দীপ কুমার পাল প্রমুখ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী আনন্দনগর ইলেভেন স্টারের হাতে তুলে দেওয়া হয় বিশাল আকৃতির ট্রফি ও একটি বোলেরো গাড়ির চাবি। রানার্স-আপ বাগবের ইলেভেন স্টার পায় একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও ট্রফি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আনন্দনগর ইলেভেন স্টারের জয়সূচক গোলদাতা মধু।


