৫৪তম জন্মদিনে সুখবর পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পেতে চলেছেন আইসিসির সম্মান। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এই সম্মান পাওয়ার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহকে ধন্যবাদ দিয়েছেন সৌরভ। আইসিসি অবশ্য এখনও সরকারী ভাবে কিছু ঘোষণা করেনি। তার আগেই সমাজমাধ্যমে সেই খবর দিয়েছেন সৌরভ। ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য এই সম্মান দিয়ে থাকে আইসিসি। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই ‘হল অফ ফেম’। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে এই তালিকায় জায়গা পেয়েছিলেন সুনীল গাওস্কর (২০০৯)। বাকিরা হলেন, বিষণ সিংহ বেদি (২০০৯), কপিল দেব (২০১০), অনিল কুম্বলে (২০১৫), রাহুল দ্রাবিড় (২০১৮), সচিন তেন্ডুলকর (২০১৯), বিনু মাঁকড় (২০২১), বীরেন্দ্র সহবাগ (২০২৩) ও মহেন্দ্র সিংহ ধোনি (২০২৫)। সেই তালিকায় ঢুকলেন সৌরভ (২০২৬)। তবে ১০ পুরুষ ক্রিকেটার ছাড়া দুই মহিলা ক্রিকেটারও এই জায়গা পেয়েছেন ‘হল অফ ফেম’-এ। তাঁরা হলেন ডায়ানা এডুলজি (২০২৩) ও নীতু ডেভিড (২০২৪)।


