প্রথমার্ধে দলকে হতাশ করলেন পেনাল্টি মিস করে। তবে বিরতির পর দুর্দান্ত এক গোলে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। তাতে ফ্রান্স অধিনায়কের নাম খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। সামনে ইসা জিওপের বাধা বক্সের মুখে এক মুহূর্ত থামেন তিনি, এক পলকে সামনে দেখেই নেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নেয় ঠিকানা। চলতি আসরে এমবাপের অষ্টম গোল এটি। এই ম্যাচের আগে অ্যাসিস্ট করে ফেলেন দুটি। তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ভিন্ন দুই আসরে ১০ গোলে সম্পৃক্ত রইলেন। ২০২২ সালেও আটটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা। এবার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেও উঠলেন এমবাপে। তার সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি। বিশ্বকাপে ২০ ম্যাচে এমবাপের মোট গোল হলো ২০টি। ৩১ ম্যাচে ২১ গোল করে শীর্ষে আর্জেন্টিনা অধিনায়ক মেসি।


